
রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক। দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসনসহ মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে দুই পক্ষ ঐকমত্য পোষণ করেন।
দেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের চলমান সহযোগিতার ধারা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বিস্তারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। উভয় পক্ষই দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পর্কের এই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে দুই দেশের স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com