
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত কো-পাইলটের পরিচয় পাওয়া গেছে। ২৯ বছর বয়সী এই ব্যক্তির নাম হামাম আল-হামানি। ওমানের নাগরিক হলেও তিনি সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে তার শিক্ষা জীবন, কর্মদক্ষতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে।
লিঙ্কডইন প্রোফাইলের তথ্যমতে, হামাম প্রায় সাত বছর ওমান এয়ারে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান এয়ার থেকে পদত্যাগ করেন এবং একই বছরের জুন মাসে মরক্কোর রয়্যাল এয়ার মারোকে যোগ দেন। সেখানে এক বছর কাজ করার পর ২০২৬ সালের জুন মাসে তিনি সেই চাকরিটিও ছেড়ে দেন। তবে তার প্রোফাইলে ফ্লাইদুবাইয়ে কাজের কোনো উল্লেখ ছিল না। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, অ্যাকাউন্টটি হামামেরই ছিল, যা পরবর্তীতে মুছে ফেলা হয়েছে। লিঙ্কডইন কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সেখান থেকে ২০২৬ সালের জুনে চাকরি ছাড়েন তিনি।
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানা যায়, হামাম ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে বিমান চলাচল ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ক্যাম্পাসে না গিয়ে অনলাইনে এই পড়াশোনা সম্পন্ন করেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, তার এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। তবে আগে তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পাওয়া গিয়েছিল, যেখানে ককপিট থেকে ইসরায়েলি বিমান ধারণ করার দৃশ্য ছিল।
ওই ভিডিওর শেষভাগে আল-কায়েদার সাবেক শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং জর্ডানের নাগরিক হুমাম খলিল আবু-মুলাল আল-বালাওইয়ের ছবি দেখা গেছে। উল্লেখ্য যে, আল-বালাওই ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর একটি ঘাঁটিতে হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এ ছাড়া তার আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মক্কা, মদিনা ও জেরুজালেমের এআই-নির্মিত ছবি ব্যবহার করা হয়েছিল, যার নেপথ্যে ইসলামি কবিতা আবৃত্তি শোনা যায়। তবে এই ফ্লাইটে ঠিক কী ধরনের ঘটনা ঘটেছে বা এই হামলার পেছনে তার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com