
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা শারজাহ থেকে আগত জি৯ ৫৭১ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে এই চালানটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ, যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। অভিযানের অংশ হিসেবে শারজাহ থেকে ঢাকায় আসা জি৯ ৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
মঙ্গলবার সিআইআইডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এবং এয়ারপোর্টের সি-শিফটের সদস্যরা এই অভিযানটি পরিচালনা করেন। যাত্রীদের ব্যাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক পণ্যগুলো শনাক্ত করা হয়।
অভিযানে মোহাম্মদ শাহিন নামে এক যাত্রীর কাছ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই ফ্লাইটের যাত্রী কে এম ফজল হকের ব্যাগেজ তল্লাশি করে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভুঁইয়া হোসাইনের কাছ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করেন কর্মকর্তারা।
কাস্টমস কর্তৃপক্ষের মতে, ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে কর ফাঁকির মাধ্যমে চোরাচালান ঠেকাতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। সিআইআইডি জানিয়েছে, বিমানবন্দরের মাধ্যমে যেকোনো ধরনের অবৈধ পণ্য পরিবহনের প্রচেষ্টা প্রতিহতে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com