শাহবাগে আলোচনা সভা, উপস্থিত ডা. জুবাইদা রহমানসহ বিএনপি ও সরকারের শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক:
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিএনপি ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় ফাউন্ডেশনের কার্যক্রম, সেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com