নিজস্ব প্রতিবেদক:
জিয়াউর রহমান ফাউন্ডেশনকে (জেডআরএফ) মানবসেবায় নিয়োজিত এক অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা এই প্রতিষ্ঠান ভবিষ্যতে সারা বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত বাংলাদেশের মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।
তিনি বলেন, বিগত ২৭ বছরে মানবসেবার ছোট্ট চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ একটি বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তিনি।
মানবসেবার গুরুত্ব তুলে ধরে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। একটু চেষ্টা, একটি উদ্যোগ—এই সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় বাংলাদেশের সর্বত্র মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামী দিনে বিশ্বজুড়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত এই সংগঠন ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ স্লোগানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
দীর্ঘ ২৭ বছরের পথচলায় বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা মানবসেবার এই ধারা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com