
ত্রয়োদশ জাতীয় সংসদের সবকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদে নতুন চারটি কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে সংসদের মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া পূর্ণতা পেল। জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটির পাশাপাশি ১১টি বিষয়ভিত্তিক কমিটি রয়েছে।
নবগঠিত চারটি কমিটির মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বরগুনা-২ আসনের সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
এদিন বেশ কয়েকটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হলেও সেগুলোর সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি। পুনর্গঠিত কমিটিগুলোর তালিকায় রয়েছে বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, কৃষি, মহিলা ও শিশু বিষয়ক, যুব ও ক্রীড়া, শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, এই কমিটিগুলো জাতীয় সংসদের আইন প্রণয়ন ও তদারকি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সবকটি কমিটি পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ায় এখন থেকে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।