• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টার: / ২৭ পঠিত
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, গাজীপুরে ছুটি ঘোষণা ২৯ পোশাক কারখানায়

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

শ্রমিক আন্দোলন ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, শ্রমিক-মালিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা। এর মধ্যে সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। এ দুই এলাকায় ১৮ প্লাটুন বিজিবি সদস্য টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

অন্যদিকে, গাজীপুরের শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ১০ প্লাটুন বিজিবি সদস্য। তাঁরা চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকার বিভিন্ন কারখানা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়োজিত বিজিবি সদস্যরা স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সবার জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও তদারকি চালানো হচ্ছে।

পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা সরাসরি বা লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শ্রমিক আন্দোলনে গাজীপুরে ২৯ কারখানায় ছুটি

এদিকে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার ২৯টি পোশাক কারখানায় রোববার (১৫ নভেম্বর) ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শনিবার (১৪ নভেম্বর) রাতেই ১৩টি কারখানার কর্তৃপক্ষ রোববার থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা শ্রমিকদের জানিয়ে দেয়। পরে রোববার সকালে আরও ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাবেন না।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাম হোসাইন গণমাধ্যমকে বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়। শনিবার রাতেই ১৩টি কারখানার কর্তৃপক্ষ রোববার থেকে ছুটির বিষয়টি জানিয়ে দিয়েছিল। সকালে আরও ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের মজুরি ও অন্যান্য দাবি-দাওয়া ঘিরে শিল্পাঞ্চলে যাতে নতুন করে উত্তেজনা বা সংঘাত সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার রয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ