
দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোমবার বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামীকাল সোমবার সেখানে গিয়ে সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে প্রায় দেড়শ বছরের পুরোনো পৌরসভা নতুন প্রশাসনিক কাঠামোয় প্রবেশ করতে যাচ্ছে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সরকারের সময় বগুড়া পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখনই ভবিষ্যতে এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
তবে বিভিন্ন সময় প্রশাসনিক জটিলতা ও নীতিগত কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে স্থানীয় জনগণের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও তা দীর্ঘদিন ঝুলে ছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বিষয়টি নতুন করে উত্থাপন করেন। পরে গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয়দের মতামত গ্রহণ এবং আপত্তি নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হয়।
এরই ধারাবাহিকতায় অবশেষে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হবে।
স্থানীয়দের মতে, সিটি করপোরেশন হিসেবে ঘোষণা পাওয়ায় নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।