
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে স্বাস্থ্যসেবা, চিকিৎসা গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। এ ক্ষেত্রে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত এক স্বাস্থ্যবিষয়ক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি, পরিবারভিত্তিক সামাজিক সহায়তা এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর মতো উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
স্বাস্থ্য খাতে বাংলাদেশ-জাপান সহযোগিতার সম্ভাবনা
স্বাস্থ্যসেবাকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
তিনি বলেন, দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করতে টেকসই সামাজিক ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং দারিদ্র্য ও সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব
বিশ্বব্যাপী পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদানের কথাও তুলে ধরেন তিনি।
চিকিৎসক হিসেবে বাংলাদেশে নিজের পেশাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, যথাযথ স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, স্বাস্থ্য গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান
শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বাংলাদেশে সংস্থাটির উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। একই সঙ্গে স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আরও অর্থায়ন ও সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলোতে বাংলাদেশ সরকার পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত।
সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বাংলাদেশ ও জাপানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য খাতে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার হলে চিকিৎসা গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।