
জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব: বাসভাড়া বাড়াতে প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, প্রস্তাবিত ভাড়া বৃদ্ধির বিষয়টি সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে ভাড়া সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হয়। সে হিসেবে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব আসে। তবে পরিবহন মালিকরা জ্বালানির পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচ বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানান।
আলোচনায় সিটি ও দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে প্রায় ২২ পয়সা ভাড়া বাড়ানোর একটি প্রস্তাবেও প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এতে মহানগর এলাকায় বর্তমান ভাড়া ২ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬৭ পয়সা এবং দূরপাল্লায় ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাব উঠে এসেছে। তবে এটি এখনো অনুমোদন পায়নি।
বিআরটিএর এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন খাতের ব্যয় বৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সমন্বিত প্রস্তাব তৈরি করা হচ্ছে, যা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, “জ্বালানি ছাড়াও অন্যান্য ব্যয় বেড়েছে। সেগুলো বিবেচনায় নেওয়া জরুরি। দ্রুত সিদ্ধান্ত না হলে মাঠপর্যায়ে ভাড়া নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।”
বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন প্রস্তাব অনুমোদন পেলে এই হার আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।