
সব উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ গড়ার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর কাছে ফ্লোর নিয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পরিষদগুলোতে এমপিদের দাপ্তরিক কাজ পরিচালনা এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ সহজ করতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করা হবে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শে ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান বিধিমালা অনুযায়ী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ নেই। এই সীমাবদ্ধতা এড়াতেই কক্ষটির নাম রাখা হয়েছে ‘পরিদর্শন কক্ষ’। উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনের অবকাঠামো বিবেচনায় নিয়ে নির্দিষ্ট একটি কক্ষ এমপিদের জন্য বরাদ্দ করা হবে।
এই কক্ষগুলোতে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য আলাদা ‘পরিদর্শন কক্ষ’ রাখা হবে, যাতে তিনি সহজে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।