
হাওরাঞ্চলে বন্যা-কবলিত কৃষকদের জন্য ৩ মাসের খাদ্য সহায়তা কর্মসূচি ঘোষণা
লালমনিরহাট প্রতিনিধি:
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসব্যাপী খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, হাওরের বিস্তীর্ণ এলাকায় ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। তাদের দুর্ভোগ লাঘবে সরকার জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকাভুক্তদের বিশেষ কার্ডের আওতায় এনে মাসভিত্তিক খাদ্য সহায়তা দেওয়া হবে। কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওরপ্রবণ জেলাগুলো এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে।
এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ৬ মে সুনামগঞ্জে করা হবে বলেও জানান মন্ত্রী।
এদিকে একই অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর উদ্যোগে ১০১টি অসচ্ছল পরিবারের মধ্যে জীবিকা সহায়তার উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল দোকানের মালামাল, ভ্যানগাড়ি, গবাদিপশু ও সেলাই মেশিন।
সরকারি ও বেসরকারি উদ্যোগে এই সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।