
বকেয়া পরিশোধ না করায় বেনাপোল-খুলনা-মোংলা রুটের কমিউটার ট্রেনের লিজ বাতিল
বেনাপোল-খুলনা ও খুলনা-মোংলা রুটে চলাচলকারী বেতনা ও মোংলা কমিউটার ট্রেনের বেসরকারি ইজারা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া, ভ্যাট ও উৎস কর পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ২৭ এপ্রিলের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি অনুযায়ী, চুক্তির শর্ত ভঙ্গের কারণে বেসরকারি প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশনের সঙ্গে সম্পাদিত চুক্তি ২৮ এপ্রিল থেকে বাতিল করা হয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি গত ১১ জানুয়ারি থেকে দুই জোড়া ট্রেন পরিচালনা করছিল। এর মধ্যে বেতনা কমিউটার (বেনাপোল-খুলনা-বেনাপোল) এবং মোংলা কমিউটার (খুলনা-মোংলা-খুলনা) রুটে চলাচল করত। তবে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া পরিশোধ না করায় রেলওয়ে কর্তৃপক্ষ চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আইনাল হাসান জানান, বেসরকারি কর্তৃপক্ষ চুক্তির শর্ত যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় আনা হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি বহাল রেখে এখন থেকে ট্রেনগুলো সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, এ পরিবর্তনের ফলে যাত্রীসেবার মান উন্নয়ন এবং রাজস্ব ক্ষতি রোধ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এ রুটে ট্রেন পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে চালুর পর কয়েক দফায় বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় এই রুটের ট্রেন পরিচালিত হয়েছে। যাত্রীসেবা ও ব্যবস্থাপনার মান ধরে রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ সময়ে সময়েই নীতিগত পরিবর্তন এনেছে।