
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি বলেন, সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করা হয়।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রধানমন্ত্রী ওআইসি সদস্য দেশগুলোর সমর্থন ও সহযোগিতার জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর অব্যাহত সমর্থনও প্রত্যাশা করেন।
এসময় সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালেশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।