
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা অংশ নেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা ও সরকারের দলীয় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই ১৮০ দিনের এ জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সরকারের জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে সকলের আন্তরিক ও সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, কর্মসূচির প্রতিটি কার্যক্রমের তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনে জনগণের সামনে বাস্তব অগ্রগতি তুলে ধরা যায়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কে কী ধরনের সুবিধা পেয়েছে, সে বিষয়ে স্বচ্ছ তথ্য সংরক্ষণ ও প্রচারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শুধু ওয়েবসাইটে তথ্য প্রকাশ করলেই হবে না, মাঠপর্যায়ে দৃশ্যমান ও জনবান্ধব উপায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।