
রাজবাড়ী-তে ইসলাম ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাজবাড়ী আমলী আদালত-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ মামলাটি আমলে নেন। মামলার নম্বর সি.আর-৩০৪/২০২৫।
মামলার অভিযোগে বলা হয়, “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শিরোনামে দৈনিক নবযুগ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে। ওই প্রতিবেদনে প্রকাশিত বিভিন্ন মতামতকে কেন্দ্র করেই এ মামলা দায়ের করা হয়।
আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছে রাজবাড়ী সদর থানা ডিটেক্টিভ ব্রাঞ্চ-কে। পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ জুন ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মুনায়েম আহমেদ, মোহাম্মদ আব্দুল কাদের সুমেল, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, জুবায়ের আহমেদ, শাহরিয়ার মোঃ নাফিস খান, মোঃ মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মোঃ মাসুম সাজ্জাদ, মোঃ মিজানুর রাহমান এবং ফাতেহা তাসবি-সহ আরও অনেকে।
মামলার শুনানির দিন আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামপন্থী দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
রাজবাড়ী থানা পুলিশ জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত অভিযোগের বিষয়ে উচ্চপর্যায় থেকে কঠোর নির্দেশনা রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে দৈনিক নবযুগ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।