
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই একদল হামলাকারী তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।
তার দাবি, হামলায় অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর তিনি ও তার সহকর্মীরা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
তিনি আরও দাবি করেন, হামলার পরও থানার সামনে পুনরায় হামলার প্রস্তুতি চলছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল বা যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।