
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর এ টানা সাত দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে আগামী ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”
এ বিষয়ে গতকাল রোববার বিকেলে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গত ২৩ মে বন্দরের ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ সময় বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ এর হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, “বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে।”
অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড এর অধীন হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, “সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক-কর পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।”