
ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী ও পশুর হাটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব-৫
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে Rapid Action Battalion-৫।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী সিটি হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান।
তিনি বলেন, রাজশাহী মহানগরীসহ ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট জেলায় জনবহুল এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-৫ জানায়, ঈদযাত্রায় যাতে কোনো ধরনের ডাকাতি, ছিনতাই, মলম পার্টি বা অজ্ঞান পার্টির মতো অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাসসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শক্তিশালী টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কোরবানির পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী সিটি হাটসহ বিভিন্ন হাটে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন, চাঁদাবাজি ও প্রতারণা রোধে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।
হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রাথমিক চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হচ্ছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণ ও পশুবাহী গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে র্যাব-৫।
র্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং টিমও সক্রিয় রয়েছে।
অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, ঈদ উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।