
‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’—খুলনার সমাবেশ থেকে যুব সমাজের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান
খুলনা, ২০ জুন ২০২৬:
বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত করতে আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। তবে এই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়; বরং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে মর্যাদার সঙ্গে বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য।
শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমি যুব সমাজের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুতি নিন।”
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং জনগণের রায়কে সম্মান জানানো হয়নি। তিনি বলেন, “আমরা জনগণের রায় বাস্তবায়নের জন্য সংসদে লড়াই চালিয়ে যাব। চুরি, ডাকাতি ও ভোট কারচুপির মাধ্যমে ফল পরিবর্তন করা হলেও আমরা জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখব।”
নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি এড়ানোর জন্য আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি। কিন্তু অন্যায় ও অবিচারের কাছে আমরা মাথা নত করব না।”
তিনি আরও বলেন, “যদি জনগণের দাবি সংসদে বাস্তবায়িত না হয়, তাহলে দেশের বিভিন্ন প্রান্তের মাঠ-প্রান্তর থেকে প্রতিবাদের আগ্নেয়গিরি সৃষ্টি হবে এবং অন্যায়-অবিচারের সব আবর্জনা পুড়ে ছারখার হয়ে যাবে।”
সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “আমরা কোনো প্রতিবেশী দেশের শান্তি বিঘ্নিত করতে চাই না। তবে কেউ যদি বাংলাদেশের দিকে অন্যায়ভাবে কালো হাত বাড়ায়, তাহলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে।”
সমাবেশে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।