
বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা
আন্তর্জাতিক ডেস্ক:
চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সময় গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর এ সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করা। তিনি আশা প্রকাশ করেন, কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়ন প্রকল্প এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে শহীদ বীরদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নীরবতা পালন করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মালয়েশিয়া সফর শেষে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস-২০২৬ সম্মেলনে অংশ নিতে দালিয়ান সফর করেন।
বেইজিং সফরে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। সফরকালে চীনের শীর্ষ শিল্পগোষ্ঠী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।
সরকারের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হবে এবং বাণিজ্য, অবকাঠামো, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের সূচনা হবে।