এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা পর্যায়ে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় বিইআরসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর জুলাই মাসের সৌদি সিপি (Saudi CP) কমে যাওয়ায় দেশের এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা প্রতি লিটারে ১৬ টাকা ৫৩ পয়সা কম।
তবে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিইআরসি জানায়, নতুন মূল্য অনুযায়ী বিভিন্ন ধারণক্ষমতার এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭০০ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩৭ টাকা, ১৮ কেজি ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজি ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজি ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি টন প্রোপেনের মূল্য ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৬০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যার ভিত্তিতেই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিইআরসির সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।