‘জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সব প্রস্তুতি সম্পন্ন, নতুন কমিটি গঠন; সংবাদ সম্মেলনে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে
কুমিল্লা প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জাদুঘর পরিচালনার জন্য নতুন কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপনা কমিটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়নি। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন হয়নি, নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহাসিক শালবন বিহার ঘুরে দেখেন।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবুল বাশার এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।