
স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকায় টানা বৃষ্টির ভোগান্তি সোমবার (১৩ জুলাই) দিনভরও অব্যাহত থাকতে পারে। সকাল থেকেই মেঘলা আকাশ ও থেমে থেমে বৃষ্টিতে নগরজীবন ব্যাহত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলক কম। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া গণমাধ্যমকে জানান, রাজধানী ও আশপাশের এলাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও তিনি জানান।
এর আগে রোববার (১২ জুলাই) দুপুরে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে ঢাকা বিভাগসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়। ওই দিন ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গত ১৭ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৯ সালে একদিনে সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। তবে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হলেও সকাল ৭টার পর আবার বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টিপাত এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টি স্বাভাবিক হলেও এবার এর তীব্রতা তুলনামূলক বেশি বলে তিনি উল্লেখ করেন।
পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ১৫ ও ১৬ জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে টানা প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে দেশের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
অন্যদিকে, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।