
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের অদূরে যুদ্ধাস্ত্র ও যুদ্ধের অব্যবহৃত সরঞ্জাম সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে বুধবার (৯ সেপ্টেম্বর) বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, এই ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, উদ্ধার ও স্থানান্তরের সুবিধার্থে যুদ্ধাস্ত্রগুলো সাময়িকভাবে ওই স্থানে রাখা হয়েছিল। আহতদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছেন।
ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালালেও, একের পর এক বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। স্থাপনাটি থেকে কয়েক ঘণ্টা ধরে ঘন ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।
এর আগে গত ১ সেপ্টেম্বর একই প্রদেশের বিনিশ শহরে গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেই দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন।