
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এই মামলার চার নম্বর আসামি হলেন তিনি। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।
গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রপার্টিজে সংঘটিত ওই হামলার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আলোচিত এই মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।