
রাজধানীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, সর্বোচ্চ তিন মাসের মধ্যেই এই টার্মিনাল দুটি সরিয়ে নেওয়া হবে। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রকল্পের অংশ হিসেবে চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে প্রাথমিকভাবে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের আগ পর্যন্ত এই ১০ একর জায়গাতেই অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসের কার্যক্রম পরিচালিত হবে। কমিশনার জানান, পরবর্তী পর্যায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পর্যায়ক্রমে স্থায়ী টার্মিনাল ও মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে।
স্থায়ী অবকাঠামো তৈরির পর দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব যাত্রীবাহী পরিবহন, দূরপাল্লার বাস এবং বাদামতলী আড়তের ট্রাকগুলোও সেখানে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরীর ওপর পরিবহন চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে বলে আশা করছে ডিএমপি। সেখানে একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্য দিয়ে পরিবহন চলবে।
টার্মিনাল স্থানান্তরের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাসগুলো নতুন স্থানে সরিয়ে নেওয়া হবে। এরপর সেখানে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। এই নিয়ম বা শৃঙ্খলার বাইরে কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করলে বা আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।