
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং নিজে ব্যবহার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই মধ্যে রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে তিনি ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
৩ অক্টোবর (শনিবার) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেশের মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভায় উন্নয়ন কর্মসূচির পাশাপাশি অন্যান্য জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ঝুঁকির ব্যাপারে মাঠপর্যায়ে ইউএনওদের অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করার জন্য ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মাঠপর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, এলাকার গরিব মানুষ সাধারণত সরাসরি ইউএনওদের কাছে হাত পাতে। তাৎক্ষণিক সহায়তার জন্য যাতে গরিব মানুষদের ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান দিতে না পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজস্ব রাজস্ব আয় থেকে এই বিশেষ তহবিল বরাদ্দ দেওয়ার আয়োজন করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে মূলত ইউএনওদের সরাসরি তত্ত্বাবধানে। এই কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিবছর ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও বার্ষিক সম্মেলন আয়োজন করা প্রয়োজন। এমন সম্মেলন হলে মাঠপর্যায়ের কর্মকর্তারা সরাসরি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ পাবেন।
প্রশাসনের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্বৈরাচার আমলে বিগত সরকারের অনৈতিক নির্দেশনা মানতে গিয়ে অনেক সৎ কর্মকর্তাই নিজেদের চাকরি হারিয়েছেন এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বর্তমান বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে কখনোই বলবে না দিনের ভোট রাতে করতে কিংবা ডামি নির্বাচন আয়োজন করতে। কর্মকর্তারা স্বাধীনভাবে নিয়ম মেনে কাজ করবেন। এর পাশাপাশি রাজনৈতিক ব্যবস্থার গুণগত সংস্কার এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিপূর্বে কাজ শুরু করেছে বিএনপি।