• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা: ১৮ লাখ শিক্ষার্থী, মানতে হবে ১৪ নির্দেশনা

রিপোর্টার: / ১২৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা: ১৮ লাখ শিক্ষার্থী, মানতে হবে ১৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। সারাদেশের কয়েক হাজার কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রসহ সংশ্লিষ্ট বোর্ড অনুযায়ী বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শুরুর আগে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষা সুষ্ঠু রাখতে এবার নজরদারি বাড়ানো হয়েছে। প্রশ্নফাঁস ও অনিয়ম রোধে সাইবার মনিটরিং, প্রশ্নপত্র পরিবহন তদারকি এবং প্রশাসনের সমন্বয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনাও জারি করা হয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে এবং কেবল নিবন্ধিত বিষয়েই অংশ নিতে পারবে।

এছাড়া খাতায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না। সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “নজরদারি বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য।” তিনি আরও জানান, ভবিষ্যতে ডিসেম্বরেই পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ