
কৃষকদের স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য: নাসিরনগরে কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকারের মূলনীতি হলো কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওড় এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তিনি এসব কথা বলেন। এ সময় বৃষ্টিতে ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ধানক্ষেত ঘুরে দেখেন এবং কৃষকদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
কৃষিমন্ত্রী বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় এখনো ধান কাটা চলছে। ধান কেনা হবে। এই সরকার কৃষকদের মনে-প্রাণে বিশ্বাস করে। দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। আমি নিজেও একজন কৃষক। ধান নষ্ট হলে কৃষকের কষ্টটা আমি বুঝি।”
তিনি বলেন, কৃষকরা অনেক পরিশ্রম করে ধান উৎপাদন করেন। তাই তাদের ক্ষতি কমাতে সরকার ধান সংগ্রহ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী জানান, সরকার নির্ধারিত মান বজায় রেখেই ধান ক্রয় করা হবে। তিনি বলেন, “ভেজা ধান সরকার গ্রহণ করে না। ১২ শতাংশের বেশি আর্দ্রতা থাকলে তা নেওয়া সম্ভব নয়। তাই ধান শুকানোর পর দ্রুত সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।”
তিনি আরও জানান, জেলা পর্যায়ের পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও মাইকিং করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার উদ্যোগ নেওয়া হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং কৃষকরা ন্যায্য দাম পান।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।