
রাজধানীর গুলশান-১ এলাকায় শুক্রবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী একটি মিছিল বের করেন। বেলা পৌনে ১২টার দিকে ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন এবং পুলিশ তাদের ধাওয়া করছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।