
চলতি বছরের ২৯ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে সন্তান প্রসবের সময় ডোরার মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, গর্ভাবস্থায় চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সরব হয়ে উঠেছে। তারা দীর্ঘ সময় ধরে এ বিষয়ে প্রতিবাদ কর্মসূচি ও গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চালিয়ে আসছেন।
এই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে ডোরার চিকিৎসার সময়কার ব্যবস্থাপনা, চিকিৎসকদের গৃহীত সিদ্ধান্ত এবং পেশাগত দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে থাকা ব্যানারের মাধ্যমে চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি তুলে ধরেন।
এ সময় ডোরার পরিবারের সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দ তাদের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমরা কোনো ধরনের প্রতিহিংসা চাই না; আমরা সত্য উদঘাটন ও ন্যায়বিচার চাই।” তারা দাবি জানান, হাসপাতালের মেডিকেল রেকর্ড এবং চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে পর্যালোচনা করা হোক। যদি তদন্তে কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির পেশাগত অবহেলা প্রমাণিত হয়, তবে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। ডোরার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।