
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বিশ্বমঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তার এই গুরুত্বপূর্ণ ভাষণটি অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর এবার তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি দেশের জনগণের আবেগ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলা ভাষায় জাতির কথা তুলে ধরবেন। উল্লেখ্য, এবারের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।