
রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠক করছেন—এমন খবরের ভিত্তিতে শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়। সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল এবং এ ঘটনায় অন্তত শতাধিক ব্যক্তিকে আটক করে পল্টন থানায় নেয়া হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ প্রাথমিকভাবে ৪০ জনকে আটক করেছে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে জড়ো হন যুবদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, সেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ জন আটকা পড়েছেন। যুবদল কার্যালয়টি ঘিরে রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে যুবদলের নেতাকর্মীদের শান্ত রাখা হয়েছে বলে রবিউল ইসলাম নয়ন উল্লেখ করেন এবং প্রশাসনকে আটককৃতদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিকেল তিনটার দিকে জাসদ কার্যালয়ের তিনতলায় অভিযান চালিয়ে বৈঠকের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনা ঘিরে গুলিস্তান এলাকায় কয়েকশ মানুষের উপস্থিতিতে চাপা উত্তেজনা বিরাজ করলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।