
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনা। বুধবার এশার নামাজের পর মুসল্লিরা তারাবিহ আদায় করবেন এবং রাতের শেষভাগে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়ায় বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হবে।
রমজান মাস জুড়ে সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনভর রোজা পালনের পর ইফতার এবং রাতে তারাবিহ নামাজ আদায়ের মধ্য দিয়ে চলবে মাসব্যাপী এ সাধনা। মাস শেষে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এদিকে সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশে বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর রোজা ও ঈদ উদযাপন করা হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরসহ দেশের কয়েকটি এলাকায় বুধবার থেকেই রোজা পালন শুরু করেছেন কিছু মুসলমান।
জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে রমজানের সূচনা হলো। ইতোমধ্যে মসজিদগুলোতে বেড়েছে মুসল্লিদের উপস্থিতি, আর বাজারে দেখা যাচ্ছে রমজানকেন্দ্রিক প্রস্তুতির ব্যস্ততা।