
দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিপুল সংখ্যক আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকার বিষয়টি সামনে এসেছে। নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, মাঠ পর্যায়ে বর্তমানে প্রায় ৬৮ হাজার আবেদন পেন্ডিং রয়েছে।
রোববার (৩ মে) এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, মোট ৬৭ হাজার ৮৬৪টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে। তিনি বলেন, এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনগুলো জমে আছে—ক-১ ক্যাটাগরিতে ১,২৭৩টি, ক ক্যাটাগরিতে ১৬,৪২১টি, খ-১ ক্যাটাগরিতে ৫,৭২৫টি, খ ক্যাটাগরিতে ২৫,৩১৮টি এবং গ ক্যাটাগরিতে ১৯,১২৭টি আবেদন ঝুলে রয়েছে।
দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এনআইডি সংশোধন না হওয়ায় ব্যাংকিং, পাসপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে সমস্যায় পড়ছেন অনেকে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জনবল সংকট ও অতিরিক্ত কাজের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নতুন নির্দেশনার ফলে দ্রুত এসব আবেদন নিষ্পত্তি করে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।