
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল এবং তদারকি ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থার প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। সংস্থাটির ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুমের স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, নতুন দায়িত্বগুলো অবিলম্বে কার্যকর হবে। সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও তদারকি জোরদার করার লক্ষ্যে একযোগে ঊর্ধ্বতন ১০ জন কর্মকর্তাকে বদলি, সংযুক্তি এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের আওতায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
আদেশে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, আগে যারা এই দায়িত্বগুলোতে ছিলেন, সেই মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
প্রশাসনিক এই আদেশে ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে; তিনি আগে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে দায়িত্বরত ছিলেন এবং প্রশাসন বিভাগে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন।
বদলির তালিকায় আরও রয়েছেন এম. এম. আরিফুর রহমান, যাকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে এবং কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক (প্রশাসন-মানবসম্পদ) মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে পদায়ন করে অতিরিক্ত হিসেবে পার্সোনেল শাখার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টদের অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।