
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম ফকির (৫৮) নামে এক শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর বাজারসংলগ্ন সদরপুর গ্রামে বেড়িবাঁধের পাশে নিজের মাছের খামার ও সবজির জমিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ফকির নিজের মাছের খামার ও সবজির জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে যান। এ সময় তিনি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পাশের মাছের খামারে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাছের খামার থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় কলাপাড়া থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
একজন শ্রমজীবী মানুষের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনেরা শোকাহত।
তবে কী কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, বৈদ্যুতিক তার কিংবা মোটরে কোনো ত্রুটি ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।