
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান।
মন্দিরে পৌঁছে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানানোর কর্মসূচি রয়েছে তাঁর।
এর আগে, সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সড়কপথে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে একনজর দেখতে সড়কের পাশে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রংপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দিয়েছে সিটি করপোরেশন।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই মন্দির পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।