
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক গার্ড অব অনারে বরণ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনার ঘোষণা দেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জ্বালানি খাতের স্থিতিশীলতাকে তিনি সরকারের প্রাথমিক লক্ষ্য হিসেবে তুলে ধরেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সচিবালয়ে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রথমবারের মতো কর্মস্থলে যোগদান উপলক্ষে সচিবালয় এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথ ও করিডোরে ছিল আনুষ্ঠানিক প্রস্তুতির ছাপ।
একই দিনে অনুষ্ঠিত হয় নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারের প্রথম দিন একটি কেবিনেট মিটিং হয়। আমরা সবাই বসেছি। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং কিছু অনুশাসন দিয়েছেন।”
তিনি জানান, সাধারণত প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হলেও এবার ১৮০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, “আমরা এবার ১৮০ দিনের প্রায়োরিটি নির্ধারণ করেছি। পরে বিস্তারিত জানানো হবে।”
সরকারের প্রাথমিক অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে যেন কোনো সংকট না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে। গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণে থাকবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণ নির্বাচনী ইশতেহারের ওপর ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। “কার কী অ্যাফিলিয়েশন আছে তা দেখা হবে না; মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে,” বলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে ব্রিফিং গ্রহণ করেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।