
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত
নিজস্ব প্রতিবেদক :
আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত।
শুক্রবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, পাকিস্তানের সামরিক বাহিনী আফগান ভূখণ্ডে একাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, পবিত্র রমজান মাসে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা উদ্বেগজনক এবং নিন্দনীয়। তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ভারতের বক্তব্য অনুযায়ী, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্য দেশের ওপর চাপানোর প্রবণতার অংশ হিসেবেই এ হামলা দেখা হচ্ছে। একই সঙ্গে আফগানিস্তানের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরা হয়।
এদিকে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কয়েকটি এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে। পাকিস্তান ওই হামলার জন্য আফগানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে পাল্টা বিমান হামলা চালায় বলে জানা গেছে। রাজধানী কাবুলসহ একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। পরিস্থিতির আরও অবনতি এড়াতে কূটনৈতিক সংযম ও সংলাপের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।