Array

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন নগরী কুয়াকাটা-য় ভয়াবহ অগ্নিকাণ্ডে খাবার হোটেলসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও অন্তত ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (সকাল সাড়ে ৬টা) বেরিবাঁধের বাইরের সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ২টি খাবার হোটেল, ২টি কাপড়ের দোকান, ১টি মুদি মনোহারী দোকান, ১টি ঝিনুকের দোকান, ১টি জেনারেটরের দোকান এবং ১টি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন— সালমা বেগম (হোটেল তিন কন্যা), নাসির হাওলাদার (বিসমিল্লাহ হোটেল), শহীদ সিকদার (ঝিনুকের দোকান), বেল্লাল হোসেন (কাপড়ের দোকান), মিলন (মুদি মনোহারী দোকান), মিলন (জেনারেটর দোকান) ও একটি চায়ের দোকানের মালিক। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু করেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।
আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।