
দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে, নিখোঁজ ৪৫—উদ্ধার অভিযান চলছে, নিহত ২
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং প্রায় ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার (আজ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া জানান, বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ করেই নদীতে পড়ে যায়। কয়েকজন যাত্রী প্রাণে বাঁচলেও অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ