
মক্কেলের অর্থ আত্মসাৎ অগ্রহণযোগ্য, আইনজীবীদের নৈতিকতা বজায় রাখার আহ্বান আইনমন্ত্রীর
সংবাদ:
মক্কেলদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করা আইনজীবী সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আইনজীবীদের পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি’র যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচারপ্রার্থীদের আস্থা রক্ষায় আইনজীবীদের সততা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার পাওয়ার আশায় যারা আদালতে আসেন, তাদের সঙ্গে প্রতারণা বা অর্থ আত্মসাৎ পেশার মর্যাদাকে ক্ষুণ্ন করে।
তিনি আরও বলেন, অবসরের পর বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রবণতা থাকলে তা সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
এছাড়া সংসদ সদস্যদের গবেষণামূলক কাজের সহায়তায় প্রত্যেকের জন্য একজন করে ইন্টার্ন নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কাঠামোগত সংস্কার প্রয়োজন রয়েছে এবং এ লক্ষ্যে বাজেট বৃদ্ধির বিষয়েও কাজ চলছে। একই সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতিকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।