
দেশের অধিকাংশ হাসপাতালে আইসিইউ নেই—স্বাস্থ্যখাত নিয়ে তীব্র সমালোচনা জামায়াত আমিরের
দেশের অধিকাংশ হাসপাতালে আইসিইউ নেই—স্বাস্থ্যখাত নিয়ে তীব্র সমালোচনা জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক:
দেশের বেশিরভাগ হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সুবিধা নেই বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা—এই দুটি খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে এ দুটি খাতই সবচেয়ে বেশি অবহেলিত।
শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “সংসদে প্রশ্ন করে আমরা জানতে চেয়েছিলাম দেশে পর্যাপ্ত আইসিইউ আছে কি না। সংশ্লিষ্টরা বলেছে, আছে। কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে আইসিইউ-এর অস্তিত্বই নেই।”
তিনি আরও বলেন, আইসিইউ চালু রাখতে হলে দক্ষ মানবসম্পদ প্রয়োজন, বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের। কিন্তু দেশে সেই পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “মন্ত্রীরা সংসদে এমনভাবে কথা বলেন যেন দেশে কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবে মানুষের কাছে গেলে দেখা যায় সমস্যার পাহাড় জমে আছে।”
এ সময় তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সামর্থ্য অনুযায়ী সামাজিক কার্যক্রম পরিচালনা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোকেও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শিশু হাসপাতালের অবকাঠামো ও সেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, সারা দেশ থেকে শিশু রোগীরা এখানে চিকিৎসা নিতে এলেও পর্যাপ্ত যন্ত্রপাতি ও সুবিধা নেই।
তিনি আরও বলেন, আগে এই হাসপাতালের জন্য সরকার ৩০ কোটি টাকা বাজেট বরাদ্দ দিলেও গত বছর তা কমিয়ে ২৮ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে, যা দুঃখজনক। “সময়ের সঙ্গে চাহিদা বাড়লেও বাজেট কেন কমানো হলো, তা বোধগম্য নয়”—যোগ করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শিশু হাসপাতালের উন্নয়নে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ।