
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল, এপ্রিলে মোট ১৩ হাজার টন সরবরাহ
নিজস্ব প্রতিবেদক:
দেশে চলমান জ্বালানি চাহিদা মেটাতে প্রতিবেশী ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হয়েছে। এর ফলে চলতি এপ্রিল মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং সর্বশেষ চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।
এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে রিসিপ্ট টার্মিনালে পৌঁছায়। পরবর্তীতে সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব জ্বালানি সরবরাহ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি খরচ ও সময় কমিয়ে এনে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।