
তেলের দাম বৃদ্ধি ‘পরিকল্পিত নাটক’, সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারকে তীব্র সমালোচনা করে এটিকে ‘পরিকল্পিত নাটক’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, প্রকৃত কোনো সংকট ছাড়াই সরকার ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়িয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের দলটিতে যোগদান উপলক্ষে আলোচনা করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “তেল সংকটের কোনো বাস্তবতা ছিল না। সংকটের কথা বলে দাম বাড়ানো হয়েছে, যা পুরোপুরি একটি পরিকল্পিত নাটক। এর পেছনে সিন্ডিকেটের প্রভাব রয়েছে।” তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কাঠামোগত পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার পূরণ করতে ব্যর্থ হয়েছে। “শুধু একটি দলের পরিবর্তে আরেকটি দল এসেছে, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয়নি,”—মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিভিন্ন সংগঠন ও প্ল্যাটফর্মের নেতাদের একত্রিত হয়ে শক্তিশালী বিকল্প গড়ে তোলা সময়ের দাবি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্রমেই দলীয়করণের শিকার হচ্ছে এবং চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টিসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। তারা বলেন, জাতীয় স্বার্থ রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ব্যঙ্গচিত্র তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম এটিকে বাকস্বাধীনতার পরিপন্থী বলেও মন্তব্য করেন।