
: ‘গণমাধ্যম কেবল ব্যবসা নয়, রাষ্ট্র গঠনের দায়িত্বশীল খাত’—তথ্যমন্ত্রী
গণমাধ্যমকে শুধু মুনাফাভিত্তিক শিল্প হিসেবে না দেখে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনের দায়িত্বশীল খাত হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তন-এ ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে নোয়াব এবং সম্পাদক পরিষদ।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে রাষ্ট্র ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে এবং নিয়ন্ত্রণের বদলে সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায়। তিনি জানান, গণমাধ্যমের উন্নয়নে একটি আধুনিক ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে, যার মাধ্যমে ভবিষ্যতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে।
উপাত্তহীন ও ধারণাভিত্তিক সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “তথ্যের স্বাধীনতা মানে যেমন খুশি প্রচার নয়। সংবাদ অবশ্যই বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন নূরুল কবীর। আলোচনায় অংশ নিয়ে মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠিত হলে তবেই গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত থাকে। সাংবাদিকদের গোষ্ঠীস্বার্থের বাইরে থেকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
মতিউর রহমান চৌধুরী বলেন, অপতথ্যের বিস্তার এখন মহামারি আকার ধারণ করেছে, যা রোধে সামাজিক সচেতনতা জরুরি।
সভাপতির বক্তব্যে নূরুল কবীর বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব হওয়া উচিত এবং সংবাদপত্রের কণ্ঠরোধের পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, গণমাধ্যম সংস্থার কমিশন প্রধান কামাল আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।