
জুলাই যোদ্ধাদের ক্ষতিপূরণ কেন নয়—২০৮ প্রবাসীর পক্ষে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এইচ এম সানজিদ সিদ্দিকী।
শুনানি শেষে সাংবাদিকদের তিনি জানান, ২০৮ জন প্রবাসীর মধ্যে ৫৭ জন শ্রমিক রয়েছেন, যারা জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাত–এ সাজাপ্রাপ্ত হন। এই ৫৭ জনসহ মোট ২০৮ জনকেই সরকার ইতোমধ্যে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রিটে উল্লেখ করা হয়, আন্দোলনে সম্পৃক্ততার কারণে বিদেশে কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়া এসব প্রবাসী দেশে ফিরে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাদের পুনর্বাসন ও ন্যায়সংগত ক্ষতিপূরণের প্রশ্নে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।