ঈদ বাজারে স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট
ব্যবসায়ীদের দাবির পর সময় বাড়ালো সরকার; বিদ্যুৎ সাশ্রয়ে থাকছে বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মঙ্গলবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নিয়ম কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আরও তিন ঘণ্টা বাড়ানো হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ বাড়তে থাকায় কয়েকদিন ধরেই সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান মালিক সমিতি গত ৪ মে মন্ত্রণালয়ের কাছে আবেদন করে ঈদুল আজহার আগ পর্যন্ত রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়েছিল। পরে সরকারের সঙ্গে আলোচনার পর রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
সরকারের আগের সময়সীমা নির্ধারণের পেছনে বৈশ্বিক জ্বালানি সংকটের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার।
গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো এবং দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। পরে ব্যবসায়ীদের অনুরোধে সেই সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত সময় প্রয়োজন ছিল। তবে বিদ্যুৎ অপচয় রোধে সরকারের নির্দেশনা মেনে চলার আশ্বাসও দিয়েছেন তারা।